আজ থেকে চমেক করোনা চিকিৎসা শুরু

নতুন নিয়োগ পাওয়া চিকিৎসক এর  মধ্য থেকে ৩০ জন চিকিৎসক গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যোগ দিয়েছেন। তাঁরা করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত করা আলাদা ব্লকে দায়িত্ব পালন করবেন। আর নতুন এসব চিকিৎসকের যোগদানের পর আজ (বৃহস্পতিবার) থেকেই করোনা রোগীর চিকিৎসা কার্যক্রম শুরু হচ্ছে হাসপাতালটিতে। আজ বৃহস্পতিবার সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন।

এতথ্য নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির বলেন, আজ বৃহস্পতিবার আমরা করোনা রোগীর চিকিৎসা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রথমিক ভাবে একশ শয্যায় চিকিৎসা কার্যক্রম চালু হলেও আলাদা ব্লকে শীঘ্রই ভেন্টিলেটরসহ দশটি আইসিইউ শয্যা স্থাপন করা হবে। হাসপাতাল পরিচালক বলেন, আমরা এরমধ্যে অক্সিজেন লাইন ঠিক করে ফেলেছি। আশা করছি, কম সময়ের মধ্যেই আইসিইউ বসানোর কাজ শেষ করতে পারবো।

হাসপাতাল প্রশাসন সূত্রে জানা যায়- এর আগে নতুন নিয়োগ পাওয়াদের মধ্য থেকে ১৬৬ জন নার্স পেয়েছে চমেক হাসপাতাল। মঙ্গলবার ৩০ জন চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য বিভাগ। যদিও একশ জন চিকিৎসক চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন হাসপাতাল পরিচালক। তবে পরবর্তীতে আরো জনবল পাওয়ার আশা ব্যক্ত করে হাসপাতাল পরিচালক বলেন, যা পেয়েছি, তা দিয়েই আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি। পরবর্তীতে আরো জনবল পাবো।

এর আগে গত ১৫ মে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চমেক হাসপাতালের আলাদা ব্লকে করোনা রোগীর চিকিৎসায় অনুমোদন দেয়া হয়। ১৬ মে অনুমোদন সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি হাতে পায় হাসপাতাল প্রশাসন। অন্যান্য সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখে সম্পূর্ণ আলাদা ব্লকে করোনা রোগীদের চিকিৎসা প্রদানের অনুমোদনের কথা বলা হয় চিঠিতে। আর অন্যান্য সাধারণ রোগীদের সেবা না দিয়ে কোনভাবেই ফেরত দেয়া যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চমেক হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে- হাসপাতালের নিচতলায় জরুরি বিভাগের পার্শ্ববর্তী তিনটি ওয়ার্ড (ক্যাজুয়াল্টি, ফিজিক্যাল মেডিসিন এবং চর্ম ও যৌন রোগ) এরই মধ্যে সেখান থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। সে হিসেবে হাসপাতালের মূল প্রবেশ পথে (নিচতলার ন্যায্য মুল্যের ওষুধের দোকান থেকে জরুরি বিভাগ পর্যন্ত) বাম পাশের পুরো ব্লকটি করোনা ব্লক হিসেবে প্রস্তুত করে তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অংশের অবজারভেশন সেলে আগে থেকেই ৩০টি শয্যা বসানো আছে। এর সাথে আরো ৬০ থেকে ৭০টি শয্যা এখানে বসানো হয়েছে। সবমিলিয়ে আলাদা ব্লকে প্রাথমিক পর্যায়ে একশোটি শয্যায় করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে হাসপাতাল প্রশাসন।

বার্ত বাহক                                                                                                                        মুহাম্মদ তাজউদ্দীন খান                                                                                                          চট্টগ্রাম প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন