পাবনায় করোনাকালে চলছে চোর-পুলিশ খেলা

করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় পাবনায় দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এই অঘোষিত লকডাউন অনেকেই মানছেন না। অকারণে রাস্তাঘাটে ঘুরাঘুরিসহ পাড়া-মহল্লায় চলছে আড্ডাবাজি।সামাজিক দূরত্ব মেনে চলছেন না অনেকেই।পুলিশ কিংবা ভ্রাম্যমাণ আদালত দেখলে সরে পড়ছেন আড্ডাবাজরা। প্রশাসন চলে গেলে আবার ফিরে আসে একই চিত্র। এ যেন চোর-পুলিশ খেলা চলছে।

এছাড়া অনেকেই সড়ক ও মহাসড়ক দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াতও করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রবেশ ও বাহির পথ আটকিয়ে দেয়া হয়েছে বেশকিছু স্থানে। কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। সরেজমিনে দেখা যায়, যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেয় তখন মুহূর্তেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। পরবর্তীতে তারা চলে গেলে অনেকেই অপ্রয়োজনে ঘোরাঘুরি করেন।

বিশেষ করে হাটবাজারগুলোতে গাদাগাদি করে কেনাকাটা করছে নানা বয়সের মানুষ। সামাজিক দূরত্ব টুকুও মানছেন না অনেকেই।

এতে পাবনায় দিনে দিনে বাড়ছে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা। প্রশাসনের পক্ষ থেকে ওষুধের ফার্মেসি ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তারপরেও পাড়া-মহল্লায় কিছু কিছু দোকান খোলা রাখা হচ্ছে। প্রশাসনের উপস্থিতি টের পেলে দোকানের সাটার নামিয়ে রাখেন বিক্রেতারা। কৌশলে চলে কেনাবেচা।

এখনও চলছে বন্ধুদের নিয়ে আড্ডা। এছাড়া সরকারি অফিস বন্ধ থাকায় তার আশপাশেও অপ্রয়োজনে সমাগম করছে তরুণ ও যুবকরা।

পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে, করোনাভাইরাসের মত অদৃশ্য শক্রকে মোকাবেলা করার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। এজন্য সবার সহযোগিতা দরকার। সরকারি নিয়মনীতি মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের পরামর্শ মানতে হবে বলে মনে করছেন অনেকেই। তা না হলে সবার জন্য এই করোনা ভয়াবহ বিপদ ডেকে আনবে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

বার্তা প্রেরক :
রাসেল মাহমুদ

পাবনা প্রতিনিধি

 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন