চট্টগ্রামের পটিয়ায় বউকে গলাটিপে হত্যা করে দাফনও করেছে পাষণ্ড স্বামী। জানা যায় যে, আগামী এক সপ্তাহ পরেই সন্তানের মা হতেন মুর্শিদা বেগম (২০)। তার আগেই ঐ পাষণ্ড স্বামী মানুষের কাছে প্রচার করেছে, বউকে জিনে মেরে ফেলেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৫ এপ্রিল রাতে পটিয়ার দক্ষিণ আশিয়া কমলা পাড়া এলাকায়। ঘটনার ৫দিন পর জানাজানি হয়, স্বামী মো. রফিকসহ আরও তিনজন মুর্শিদাকে হত্যা করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি তদন্ত করেছে।
প্রতিবেশীরা জানান, মুর্শিদার বাড়ি দক্ষিণ আশিয়ায়, সাত বোনের মধ্যে সবার ছোট তিনি। তার মা-বাবা কেউ বেঁচে নেই। এক বছর আগে তাদের বিয়ে হয়। গত ২৫ এপ্রিল রাতে মুর্শিদাকে স্বামীসহ তিনজনে গলা টিপে হত্যা করে। হত্যা করার বিষয়টি পাশের বাসার এক মহিলা জানতেন। তিনি অন্যজনকে বলার সময় তার বক্তব্য রেকর্ডিং করে রাখেন। এভাবে হত্যার বিষয়টি জানাজানি হয়।
প্রতিবেশী এক ব্যাক্তি জানান, রফিকের অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিলো। বউয়ের থাকা দুই ভরি স্বর্ণ নিয়ে ওই মেয়ের সঙ্গে পালাতে চেয়েছিল। বিষয়টি জানাজানি হলে মুর্শিদাকে হত্যা করে রফিক।
মুর্শিদা বেগমের বড় বোন খুরশিদা বলেন, মুর্শিদার ৫ মে সন্তান জন্মদানের তারিখ ছিলো। এর আগেই আমার বোনকে হত্যা করলো তারা।
দক্ষিণ আশিয়ার ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হেলাল বলেন, রফিক গলা টিপে হত্যা করার পর জিনে মেরে ফেলেছে বলে বউকে দাফনও করেছে। এ ধরনের অভিযোগ পাওয়ার পর পুলিশকে খবর দিলে তারা এসে বিষয়টি তদন্ত করছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
বার্তা প্রেরক:
মুহাম্মদ তাজউদ্দীন খান
চট্টগ্রাম প্রতিনিধি











