কর্মচারী করোনায় আক্রান্ত, ক্লিনিকের সবাই কোয়ারেন্টাইনে

ফেনীর সোনাগাজী ক্লিনিকের এক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে ওই কর্মচারীর বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি ক্লিনিকের সব কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। চট্টগ্রামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজে (বিআিইটিআইডি) পরীক্ষার জন্য তা পাঠানো হয। নমুনা পরীক্ষার পর সোমবার রাতে করোনা পজিটিভ আসে।

এ খবর জানার পর রাতেই ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়। পাশাপাশি ওই ক্লিনিকের সব কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, আক্রান্ত ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে ফেনী ট্রমা সেন্টারে আনা হবে। সেখানে আইসোলেশনে রেখে তার চিকিৎসা দেওয়া হবে।

ডা. সাজ্জাদ হোসেন আরও বলেন, ১৬ এপ্রিল ফেনী থেকে নয়টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে একটি পজিটিভ এসেছে। এ পর্যন্ত ১৩৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। ফলাফলের অপেক্ষায় রয়েছে ৪২টি নমুনা। জেলায় এখন পর্যন্ত দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোনাগাজী ক্লিনিকের মালিক ডা. মো. নুর উল্লাহ বলেন, সোমবার রাতে খবর পেয়ে ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। ওই ক্লিনিকের সব কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে ওই বাড়ির আশপাশের এলাকা লকডাউন করা হবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন