করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রেক্ষিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পুরোপুরি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে উপজেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনের নির্দেশে উপজেলা প্রশাসন এই লকডাউন বাস্তবায়ন করছে।
দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট বদিউল আলম।
জেলা ম্যাজিট্রেট বদিউল আলম জানান, সাতকানিয়া উপজেলায় করোনার প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার রাতে একদিনেই এই উপজেলায় ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে এক ব্যক্তির। এই পরিস্থিতিতে সমগ্র সাতকানিয়া উপজেলা লকডাউন করার নির্দেশনা প্রদান করেন চট্টগ্রামের জেলা প্রশাসক। নির্দেশনা পেয়ে বুধবার সকাল থেকেই উপজেলা প্রশাসন পুরো উপজেলা লকডাউন করার প্রক্রিয়া শুরু করে।












