কুষ্টিয়া শহরে প্রকাশ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানকে গুলি করে হত্যা করেছে পুলিশ সদস্য সৌমেন রায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার স্ত্রীর সাথে পরকীয়া ছিলো নিহত শাকিলের। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রোববার (১৩ জুন) বেলা ১১টার দিকে শহরের কাস্টমস মোড় এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা অভিযুক্ত পুলিশ সদস্যকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে এক নারী চার বছরের ছেলে শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখানে এক পুরুষ ছিলেন। হঠাৎ এক ব্যক্তি প্রথমে ওই নারীর মাথায় গুলি করে। এরপর পাশে থাকা পুরুষের মাথায় গুলি করেন। ভয়ে ছেলেশিশুটি দৌড়ে পালাতে গেলে তাকেও ধরে মাথায় গুলি করা হয়। আশপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি দৌড়ে তিনতলা ভবনের ভেতরে ঢুকে পড়েন।
এরপর লোকজন জড়ো হয়ে ওই ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই সবার মৃত্যু হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করেছে এক পুলিশ সদস্য। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আটক পুলিশ কর্মকর্তা সম্প্রতি হালসা ক্যাম্প থেকে খুলনার ফুলতলাতে বদলি হন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি












