মোরেলগঞ্জে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে । ১৬ টি ইউনিয়নের মধ্যে ২১ জুন ১ টি ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী মৃত্যুবরণ করায় ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন নেই। এ পদে পরবর্তীতে পুন তফশীলে নির্বাচন হবে বলে উপজেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে।
গত ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১ ইউপির ভোট হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণ বাড়ায় তা স্থগিত করা হয়। এসব ইউপি নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে বলে বুধবার কমিশনের সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন, ঘোষণা শুনেছি, কিন্তু কোন চিঠি পাইনি। চিঠি পেলে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এবং প্রার্থীরা তখন থেকে প্রচারণা চালাতে পারবেন। মোরেলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার আবুল খায়ের নির্বাচন চলাকালীন মারা গেলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন পরবর্তীতে পুণ তফশীলে হবে, তবে সদস্য পদগুলোতে নির্বাচন হবে বলে তিনি জানান ।
এদিকে, সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছাসে এ দেশের দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি করোনা সংক্রমণ তুলনামূলকভাবে বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলায় উদ্বেগজনক মাত্রায় সংক্রমণ বেড়েছে। এজন্য জেলাভিত্তিক লকডাউন ঘোষণাও শুরু হয়েছে।
মোরেলগঞ্জ উপকূলবর্তী এলাকা হওয়ায় ঘূর্ণিঝড় ইয়াসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। উপরন্তু সম্প্রতি করোনার সংক্রমণও ব্যাপকভাবে বেড়েছে। এক সপ্তাহে ২৬ জন করোনা রোগী শণাক্ত হয়েছে এখানে । হু হু কওে বাড়ছে এ সংক্রমণ। উপজেলার বিভিন্ন এলাকা ইতোমধ্যে স্থানীয় প্রশাসন লকডাউন করে দিয়েছে। এদিকে এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্বাচন ঘোষণায় এ এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেছেন। অপরদিকে প্রার্থীরা সামাজিক মাধ্যমে তাদের অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করে দিয়েছেন। উল্লেখ্য, করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গত ১ এপ্রিল দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি












