ফেনীতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (০২ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ও পৌরসভার সহযোগিতায় শহরের রেলগেট সংলগ্ন আবু বক্কর সড়কে অবস্থিত পৌরসভার ড্রেনের উপর ও রেললাইনের পাশে অবস্থিত অবৈধভাবে নির্মিত প্রায় ৭০-৭৫ টি স্থাপনা উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান জানান, ড্রেনগুলোর উপর এরূপ স্থাপনার ফলে ড্রেন পরিষ্কারসহ অন্যান্য সমস্যা সৃষ্টি হওয়ায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হতো।
এছাড়াও এগুলোকে পুঁজি করে অনেক দালাল শ্রেণীর দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হয়ে আসছিল।সেখানে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল বলে জানা যায়।এসময় অনেকে উক্ত জমি রেলওয়ে থেকে লিজ নেওয়ার বিষয়ে দাবী করলে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে যাচাই বাছাই সাপেক্ষে জেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়। অভিযান পরিচালনায় জেলা পুলিশ, আনসার বাহিনী ও পৌরসভার সদস্যরা সহযোগিতা করেন।এ সময় বর্ণিত স্থানের ওয়ার্ড কাউন্সিলর তানজিম হোসেনও উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












