নৃশংসভাবে হামলাকারি হেলাল গংদের গাংনী বাজার থেকে বিতাড়িত ও সর্বচ্চো শাস্তি দাবি

মেহেরপুরের গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিকসহ তিনজনের উপর নৃশংস হামলাকারী বস্ত্র ব্যবসায়ী হেলালকে গাংনী বাজার থেকে বিতাড়িত করার দাবি করেছেন ব্যবসায়ীরা। একইসাথে হেলাল ও তার ভাই বেলালসহ হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক সাজা দাবি করা হয়।
রোববার সকালে গাংনী বাজার বাস স্ট্রান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে হামলার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানানো হয়। গাংনী বাজারের দোকানপাট বন্ধ রেখে এ প্রতিবাদী মানববন্ধনে অংশ নেয় ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলা যে করতে পারে তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুই নয়। এ ধরনের সন্ত্রাসীদের বাজার থেকে বিতাড়িত করা না হলে বাজারে সন্ত্রাসী ঘটনা আরও ঘটবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী বাজারের ব্যবসায়ী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, বাজার কমিটি সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, বস্ত্র সমিতি সভাপতি হাফিজুর রহমান ও বস্ত্র ব্যবসায়ী এনাম।

শনিবার দুপুরে গাংনী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হাফিজুর রহমান মানিক ও তার ছেলে এবং আরেক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায় বস্ত্র ব্যবসায়ী হেলাল ও তার ভাই বেলাল। আহত তিনজন হাসপাতালে ভর্তি আছেন। হাফিজুর রহমান মানিক ও তার পুত্র এখনও শঙ্কামুক্ত নন বলে জানায় তার চিকিৎসকরা।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন