ফেনীর পরশুরামে নানার বাড়ীতে বেড়াতে এসে রোববার (২৩ মে) দুপুরে মুহুরী নদীর পানিতে ডুবে আইরিন সুলতানা প্রিয়া (১১) নামের এক শিশু মারা গেছে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী। নিহত প্রিয়া ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের আবদুল কাদেরের মেয়ে। রোববার উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রিয়া ছোটবোন আপরিন সুলতানা প্রমি (১০) সহ শনিবার সন্ধ্যায় পশ্চিম অলকার নানা বাড়ীতে বেড়াতে আসে। রোববার দুপুরে ছোটবোন আর মামাতো বোন সুরাইয়া সুলতানা রিপু (৯) সহ বাড়ীর পাশে মুহুরী নদীর পাড়ে খেলতে যায়, এসময় হঠাৎ পা পিছলে দুজন নদীতে পড়ে গেলে আইরিন সুলতানা প্রিয়া ছোটবোন ও মামাতো বোনকে নদী থেকে টেনে তুলার চেষ্টা করে। এসময় নিজেই নদীতে পরে যায়। পরে প্রত্যাক্ষদর্শী এক যুবক মো ইয়াছিন দুইজনকে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হলেও আইরিন সুলতানা প্রিয়াকে খুঁজে পায়নি।
স্থানীয় লোকজন দুপুর থেকে বিকেল পর্যন্ত আইরিন সুলতানা প্রিয়াকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে সন্ধ্যায় আইরিন সুলতানা প্রিয়ার মরদেহ উদ্ধার করে। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ খালেদ হোসেন মুহুরী নদীর পানিতে ডুবে এক শিশু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, দুপুরে খেলতে গিয়ে মুহুরী নদীর পানিতে ডুবে আইরিন সুলতানা প্রিয়া নামের এক শিশু মারা গেছে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












