ফেনীর পুরাতন কারাগারে আইসোলেশন সেন্টার উদ্বোধন

ফেনী জেলা পুরাতন কারাগারে (জেলা কারাগার-২)করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে চালু করা হয়েছে।রোববার (২৩ মে) দুপুরে ৪৫ শয্যার আইসোলেশন সেন্টার প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো: মোকাব্বির হোসেন, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন।

উদ্বোধনকালে আইসোলেশন সেন্টার থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এসময় উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ফজলুল হক, জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম,পিপিএম), সিভিল সার্জন ডাঃ রফিক উস সালেহীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা বিএমএর সভাপতি ডা: সাহেদুল ইসলাম ভূইঁয়া কাওসার প্রমুখ।

ফেনী কারাগারের জেলার শাহাদাত হোসেন জানান, ফেনী জেলা কারাগারে মোট ৪৫ শয্যার আইসোলেশন সেন্টারের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ৫ শয্যা মহিলাদের জন্য নির্ধারিত রয়েছে। জেল সুপার আনোয়ারুল করিম জানান, ফেনী জেলা কারাগারকে স্থানান্তর করে রাণীরহাটে নেয়া হয় তাই খালি পড়ে থাকা শহরের জেল রোডের পুরাতন কারাগারের ৪ তলা ভবনকে আইসোলেশন সেন্টার হিসেবে পরিনত করা হয়েছে।

এ আইসোলেশন সেন্টারে চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে করোনা আক্রান্তদের রেখে চিকিৎসা দেয়া হবে। এখানে রোগীদের চিকিৎসার জন্য ২ জন চিকিৎসক ও ২ জন নার্স থাকবেন।একইদিন ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কিশোরগঞ্জ জেলা কারাগার-২ এ আইসোলেশন সেন্টারেরও উদ্বোধন করা হয়।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন