বাগেরহাট মোরেলগঞ্জের আমরবুনিয়া গ্রামে বৃহস্পতিবার সুন্দরবন সংলগ্ন নদীর তীরবর্তী একাংশে দেখা যায় বন্য পশু-পাখিদের ব্যাপক সমাগম। ধারণা করা হচ্ছে, জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে জঙ্গলে অবস্থানরত বন্যপ্রাণী তীব্র গরম সহ্য করতে না পেরে একটু স্বস্তির জন্য গভীর জঙ্গল ছেড়ে নদীর পাড়ে অবস্থান নিচ্ছে।
এছাড়াও নদীর ঠান্ডা পানি পান করতে দেখা যায় অনেক বন্য প্রানীদেরকে। এমনকি তীব্র গরম থেকে রেহাই পেতে অনেক বানরকে পানি ছিটিয়ে গোসল করতেও দেখা যায়। স্থানীয়রা মনে করছেন তীব্র রোদের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বন্যপশু বানরসহ নানা ধরনের জীবজন্তু লোকালয়ের নদীর পাড়ে এসে ভিড়ছে। এমনকি নানা ধরনের পাখিকেও নদীর ঠান্ডা পানি পান করতে দেখা যায়।
বর্তমানে জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে তাপদাহ বেড়ে যাওয়ায় গভীর জঙ্গল ছেড়ে লোকালয়ের নদীর পাড়ে অবস্থান নিচ্ছে বন্যপশুগুলো । এলাকার সচেতন ব্যক্তিরা মনে করছেন এসকল বন্যপশুকে অভায়াশ্রম হিসেবে নদীর যে সকল জায়গায় বন্যপশু পানি পান করছে সেকল জায়গা শিকারমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি অবৈধভাবে পশু শিকার বন্ধ করতে হবে, এ সময়টায় বন্যপশুর শিকারের প্রবণতা বেড়ে যেতে পারে বলে আশংকা করছেন সচেতন মহল।
তাছাড়া কিছু সংখ্যক চোরা শিকারি এসব বন্যপ্রাণী শিকার করছেন বলেও জানান এলাকার লোকজন। তাই, বন রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে বন্য পশু-পাখির অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে মতামত প্রদান করেন তারা। এমতাবস্থায় বন কর্মকর্তারা তদারকি বৃদ্ধি করে সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই আশা করছেন এলাকাবাসী।
বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি












