বাগেরহাটের ফকিরহাটে নিকট আত্মীয়দের মারধরে আহত তাসলিমা বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজিয়া বেগম (৪৩) নামের একনারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল)দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় নিহতের ছেলে জামাল হাওলাদার বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে ফকিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। নিহত গৃহবধু তাসলিমা ফকিরহাট উপজেলার ব্রাম্মনরাকদিয়া গ্রামের মোঃ নাসির উদ্দিনের স্ত্রী।আটককৃত রাজিয়া বেগম তাসলিমার প্রতিবেশী মহিবুল্লাহ‘র স্ত্রী। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ২৮ এপ্রিল সন্ধার পরে রাজিয়া বেগম ও তার সন্তানরা তাসলিমা বেগমের বাড়িতে এসে গালিগালাজ করে। এসময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাজিয়া বেগম ও তার ছেলেরা তাসলিমাকে মারধর করে।
পরে গুরুত্ব আহত অবস্থায় তাসলিমাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সালে তাসলিমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে তাসলিমা বেগম মারা যান। আমরা তাসলিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এই হামলার সাথে জড়িত থাকার অভিযোগে রাজিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে।অন্যদেরও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি












