ফেনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতার নামে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফেনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতার নামে পুলিশের মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।সোমবার শহরের ইসলামপুর রোডের বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা দাবি করেন, মামলার প্রধান আসামী গ্রেপ্তারকৃত এমরানুল হক ইমরান ছাত্রদলের কোন কমিটির পদধারী কেউ না। সে দলের সমর্থকও না। পুলিশ তাকে ছাত্রদলের কর্মী বানিয়ে আমাদের ৪ নেতার বিরুদ্ধে মিথ্যা, হয়রানী ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেছে। ফেসবুকে ইমরানের দেওয়া পোষ্টটি জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন শেয়ার,লাইক বা কমেন্ট কোনটি করেননি বলেও নেতারা সংবাদ সম্মেলনে দাবি করেন। এজন্য ষড়যন্ত্রমুলক মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য জয়নাল আবদীন বাবলু,এডভোকেট পার্থ পাল চৌধুরী, বেলায়েত হোসেন বাচ্চু চেয়ারম্যান, সাইফুর রহমান রতন, পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদী হয়ে  ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(৩)/২৮(৩)/২৯/৩১(৩)/(৩৫) ধারায় ফেনী মডেল থানায় একটি মামলা (মামলা নং ৪৯) দায়ের করেন। মামলায় ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালকে আসামী করা হয়।

ওই মামলায় প্রধান আসামী করা হয় এমরানুল হক ইমরানকে (২৯)। যাকে পুলিশ দাবি করেছে ছাত্রদলের সক্রিয় কর্মী। গ্রেপ্তার এমরানুল হক ইমরান ফেনী শহরের দক্ষিণ চাঁড়িপুর মহিপাল সরকারী কলেজ সড়ক এলাকার আবদুল করিমের ছেলে।

মামলার বাদি জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, সম্প্রতি ছাত্রদল নেতা এমরানুল হকের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ও পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমদকে নিয়ে কটুক্তি এবং সাম্প্রতিক নানা বিষয়ে উস্কানিমূলক পোষ্ট করা হয়। ওইসব পোষ্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা শেয়ার, লাইক ও কমেন্ট করে। এ ঘটনায় এমরানুল হক ইমরানকে প্রধান আসামী ও অন্যদের সহযোগী হিসেবে মামলায় অভিযুক্ত করা হয়েছে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন