ফেনীতে করোনায় আরও একজনের মৃত্যু, ২৪ ঘন্টায় ১৮৩ জনের মধ্যে ১৭ জন শনাক্ত

ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে সুশীল রাহা (৮১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুর গ্রামের বাসিন্দা ও ফেনী সিভিল সার্জন কার্যালয়ের একজন কর্মকর্তা ছিলেন। ১৭ এপ্রিল অসুস্থ্য হলে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নমুনা দেওয়া হয় পরদিন করোনা পজেটিভ শনাক্ত হয়।

এরপর তাকে ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান। এছাড়া ফেনী ডায়াবেটিস হাসপাতালে গত শনিবার রাতে হাজেরা বেগম (৭০) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ একজন উপসর্গ নিয়ে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে ফেনীতে গত ২৪ ঘন্টায় ১৮৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমন পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব থেকে পাওয়া এ তথ্য নিশ্চিত করে ফেনী সিভিল সার্জনের কার্যালয়। সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায়, জেলায় গত ২৪ ঘন্টায় যে ১৭ জন করোনা সংক্রমন পজেটিভ হয়েছে-তাদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১০ জন, দাগনভূঁঞা উপজেলায় ৩ জন, সোনাগাজী ২ ও পরশুরাম উপজেলায় ২জন । ফেনী জেলায় এ যাবত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৬২ জন।

সুস্থ্য হয়েছেন ২ হাজার ৬০০ জন। জেলার কর্মরত একজন সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেনসহ ৫৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় এ যাবত ১৮ হাজার ৭৬৮ জনের শরীরে নমুনা সংগ্রহ করে ১৮ হাজার ২৯৮ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। সুত্র জানায়, হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮ জন। তন্মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৪ জন, দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন ভর্তি রয়েছেন। সুত্র আরও জানায়, ২০২০ সালের ১৬ এপ্রিল ফেনী জেলায় প্রথম একজন রোগীর করোনা শনাক্ত হয়।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন