ফেনীতে কৃষকদের ধান কেটে সহযোগিতা করলেন যুবলীগ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় ফেনীর দাগনভূঁঞা উপজেলা ও ফুলগাজী উপজেলার অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকদের ঘরে পৌঁছে দিচ্ছেন।

শনিবার (২৪ এপ্রিল) দাগনভূঁঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর,মাতুভূঁঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রাম ও ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে কৃষকদের প্রায় ২৩০  শতক জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে পৌঁছে দেয়ার মাধ্যমে যুবলীগের এ মহতি উদ্যোগের শুভ সূচনা করেন ফেনী জেলা যুবলীগের সভাপতি,  দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব।

ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, আমন ধান ঘরে তুলতে কৃষকেরা শ্রমিক সংকটের কারনে যেন হতাশায় না পড়ে সে দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনা অনুযায়ী অত্র উপজেলা যুবলীগকে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়।

এতে করে কৃষক কোন পারিশ্রমিক দেয়া ছাড়া ঘরে ফসল তুলতে পারতেছে। যুবলীগের এ মহতি উদ্যোগ কৃষকদের অনুপ্রেরণা যোগাবে, কৃষকরা ভবিষ্যতে আরো বেশী করে ফসল ফলাবে। যতদিন কৃষকদের ধান ঘরে না উঠবে যুবলীগের নেতৃত্বে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কৃষকরা জানান, জমিতে ধান পাকা ধরেছে কিন্তু শ্রমিক না পাওয়ায় আমরা চরম হতাশায় ভুগছিলাম কিভাবে ধান কেটে ঘরে ফসল তুলবো। ঠিক সেই মূহুর্তে যুবলীগের নেতাকর্মীরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কোন ধরনের পারিশ্রমিক ছাড়া স্বেচ্ছাশ্রমে আমাদের জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে পৌঁছে দিচ্ছে। এতে আমরা কৃষকরা খুবই আনন্দিত এবং যুবলীগের প্রতি কৃতজ্ঞ।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন