বগুড়ার ধুনট উপজেলায় রাতের আঁধারে গ্যারেজ থেকে সিঁধ কেটে ব্যাটারি চালিত অটোভ্যানের ৩৬টি ব্যাটারি চুরি করেছে দুর্বৃত্তরা। এঘটনায় মঙ্গলবার গ্যারেজের মালিক জাহিদ হাসান বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় জাহিদ হাসান দীর্ঘদিন ধরে ঘর ভাড়া নিয়ে ব্যাটারি চালিত অটোভ্যান চার্জের ব্যবস্থাসহ গ্যারেজ ভাড়া হিসেবে ব্যবসা করে আসছেন। এ অবস্থায় প্রতিদিন্যের ন্যায় গত রোববার দিবাগত রাতে তিনি ব্যাটারি চালিত অটোভ্যান চার্জে দিয়ে গ্যারেজের দরজার তালা ঝুলিয়ে বাড়িতে চলে যান।
পরদিন ভোর ৬টার দিকে জাহিদ হাসান গ্যারেজে এসে দেখেন দুর্বৃত্তরা পূর্ব পার্শ্বের সিঁধ কেটে রাতের আঁধারে ৯টি অটোভ্যানের ৩৬টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, চুরির ঘটনায় অভিযোগটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি












