ফেনীতে একটি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ জিয়াউর রহমান (৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । জিয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজনপাড়া এলাকার আবদুল ওয়াহাব মাঝির ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব ধাওয়া করে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে । এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও নগদ ৮০ হাজার টাকা জব্দ করে র্যাব ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী র্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে । মঙ্গলবার (১৩ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে ফেনী মডেল থানা পুলিশ।
বার্তা পেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












