ফেনীর ছাগলনাইয়ায় পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানে বিদেশী মুদ্রা ও বিদেশী মালামালসহ তিন দোকানীকে আটক করা হয়েছে। রোববার (১১ এপ্রিল) ছাগলনাইয়া উপজেলার জমাদ্দার বাজার থেকে তাদেরকে আটক করা হয়। জানা যায় যে, দীর্ঘদিন ছাগলনাইয়া পৌরসভার জমাদ্দার বাজারের জনি স্টোর ও দুবাই কালেকশান নামের দুইটি দোকানে বিদেশী মালামাল ক্রয় ও বিক্রয় করে আসছেন।
এছাড়াও দোকানগুলোতে অবৈধভাবে আসা বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় হয়ে আসছে। রোববার এসব অবৈধ ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এন.এম আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনি ষ্টোর থেকে ১৪ দেশের বৈদেশিক মুদ্রা ও দুবাই কালেকশান নামক দোকান থেকে অবৈধ ও বিদেশী মালামাল জব্দ করা হয়েছে।
এঘটনায় জনি স্টোরের মালিক মো. তাজুল ইসলাম (৫০) ও জাহেদুল ইসলাম (৩২) এবং দুবাই কালেকশানের মালিক সাইদুল ইসলামকে (৩০) আটক করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম, বিজিবির ফেনী ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা, ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক মো. সেলিমসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এন.এম আবদুল্লাহ আল মামুন জানান, আটককৃত ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












