করোনা নেগেটিভ রিপোর্ট আসার একদিন পর মারা গেলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাস্টার আবুল খায়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
আবুল খায়ের পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও একটি কন্যা সন্তান রেখে গেছেন। গত ১৩ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যানের দলীয় নমিনেশন প্রাপ্তির ৪ দিন পর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি হন। ওই সময় তার শরীরে করোনা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে করোনা নেগেটিভ ফলাফল আসার একদিন পরে মারা যান তিনি। সোমবার জোহরের নামাজের পর জানাজা শেষে বানিয়াখালী নিজ গ্রাম বানিয়াখালীর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মাস্টার আবুল খায়ের খাউলিয়া ইউনিয়নের টানা দু’বার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও (স্থগিত) আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত হয়েছিলেন তিনি।
বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি












