মোরেলগঞ্জে সদ্য বাদ পড়া মুক্তিযোদ্ধার সাংবাদিক সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সর্বশেষ যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ৬১ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানেরা। মঙ্গলবার দুপুর ১২টায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাতাভুক্ত বীর মুক্তিযোদ্ধা মো. মুনিরুজ্জামান হাওলাদার।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি স্থানীয় ১১১ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষী ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ওই যাচাই-বাছাই কমিটিতে এমপি’র মনোনীত সদস্য ছিলেন মো. শাহ আলম হাওলাদার। তিনি ২০০৪ সালের যাচাই-বাছাইয়ে সৈয়দ নূর মোহাম্মদ, মুনিরুজ্জামান হাওলাদারসহ অনেককে মুক্তিযোদ্ধা হিসেবে সাক্ষ্য দিলেও সর্বশেষ যাচাই-বাছাইয়ে তাদেরকেই আবার ‘মুক্তিযোদ্ধা নয়’ বলে সাক্ষ্য দিয়েছেন।
এমন দ্বিমুখী সিদ্ধান্তের কারণে সর্বশেষ যাচাই-বাছাই কমিটির মতামত প্রহসনমূলক বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধাদের এই অংশটি।

তারা বলেন মুজিব বাহিনীর সনদ, বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) জিয়া উদ্দিন ও কবির আহমেদ মধূর সহোদর থাকা স্বত্তে¡ও রহস্যজনক কারণে ৬১ জন মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে বিতর্কের সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যাচাই-বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহ-আলম হাওলাদার বলেন, সকল যাচাই-বাছাই নীতিমালা অনুযায়ী হয়েছে। অতীতে কোন ভুল হয়ে থাকতে পারে এবার বোর্ড বসিয়ে সে সবের সংশোধন করা হয়েছে।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন