সুন্দরবন থেকে আটক চার হরিণ শিকারিকে আদালতে প্রেরণ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১ টায় বন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সমীর মল্লিক আটকৃতদের জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। এর আগে বুধবার (১৭ মার্চ)সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণথোলা রেঞ্জের কচিখালি অভয়ারন্য এলাকা থেকে দুটি ট্রলার ও ৩‘শ ফুট হরিণ শিকারের ফাঁদসহ চার চোরাশিকারি আটক করে বন বিভাগ। এসময় তাদের কাছ থেকে ট্রলার ও ফাঁদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার তালতলী উপজেলার সকিনা গ্রামের মোঃ হারুণ মুছল্লীর ছেলে মোঃ এনায়েত মুছল্লী (৩৭), একই গ্রামের মোঃ শাহ আলম হাওলাদারের ছেলে মোঃ আউয়াল হাওলাদার (২০),তালতলী উপজেলার সোনাঘাটা গ্রামের মোঃ আতাহার শিকদারের ছেলে আব্দুল রহিম শিকদার (৪০) ও মোঃ ফরহাদ শিকদার (২০)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কচিখালি অভয়ারন্য এলাকায় হরিণ শিকারের জন্য কয়েকজন অপেক্ষা করছে।বুধবার(১৭ মার্চ)সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রলার ও তিনশ ফুট হরিণ শিকারের ফাঁদসহ চারজন শিকারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি












