তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে উপজেলা হলরুমে একশত মোমবাতি জ্বালিয়ে ১শ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালন করা হয়। করোনা কালীন সময় হলেও এ বছর উৎসবমুখর পরিবেশে পালিত হল স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী।

সূর্যোদয়ের সাথে সাথে মডেল থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির নানা কার্যক্রম শুরু হয়। সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে দরিদ্র জনগোষ্ঠী, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন হাফেজদের নিয়ে কুরআন খতম শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এছাড়া সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, রাজনৈতিকনেতৃবৃন্দ, সাংবাদিকগন উপস্থিত ছিলেন। বিকেলে মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আতশবাজিসহ বড় পর্দায় বঙ্গবন্ধু সম্পর্কিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্য প্রামাণচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন