ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের ১৬নং ওয়ার্ডের সফিক ভবনে রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হলে ভবনের দরজা-জানালা, বারান্দার গ্রিল মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায়। এ ঘটনায় দগ্ধ মা-মেয়েসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি। এরই মধ্যে রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে সরু গলির ভেতরে সফিক ভবন নামের একটি ছয় তলা ভবনের ৫ম তলায় ভাড়া থাকতেন মা-মেয়েসহ তিনজন। হঠাৎ করে সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্রতিটি রুমের দরজা ভেঙে চৌচির হয়ে গেছে। এই ঘটনায় মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। মা-মেয়ের শরীরে ৬০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে জানিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।দুই জনের অবস্থা আশংকাজনক থাকায় তাদেরকে চট্রগ্রাম মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
কি কারণে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা না গেলেও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। ফেনীর পুলিশ সুপার ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সরেজমিনে গিয়ে বিস্ফোরণের কারণ খুঁজে পায়নি। ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম, পিপিএম) জানিয়েছেন,ঢাকা ও কুমিল্লা থেকে পিবিআই ও সিআইডির একটি বিশেষজ্ঞ দল এসে তদন্ত করে বিষ্ফোরণের সঠিক কারণ জানাবেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












