ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় ফেনীর বিজয়সিংহ  দিঘীর পাড়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন হয়েছে। এতে অংশ নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী প্রশাসনসহ বিভিন্ন স্তরের লোকজন।

ফেনীতে ১২ হাজার লোকের অংশগ্রহনের টার্গেট রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ম্যারাথন আয়োজন করা হয়েছে।ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান ম্যারাথনের উদ্বোধন করেন। ১৬ বছরের উর্ধ্বে নারী-পুরুষ ম্যারাথনে অংশ নিতে পারবেন। ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, ২১ কিলোমিটার ও ৪২ কিলোমিটারের ৪টি ইভেন্টে ১২ হাজার মানুষ অংশ নেয়ার সুযোগ রয়েছে।

উদ্বোধনে জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম, পিপিএম), সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন, সেনাবাহিনীর ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির মেজর তরিকুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানাসহ প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই বিশাল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আমাদের আত্মত্যাগ সম্পর্কে বিশ্ব জানতে পারবে। ম্যারাথনের অংশগ্রহণের লক্ষ্যে রেজিস্ট্রেশনের জন্য মোবাইল অ্যাপস উন্মুক্ত আছে।

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন