ফেনীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে “মুজিববর্ষের অঙ্গীকার,ঘরে ঘরে গ্রন্থাগার” – এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা সরকারি গণগ্রন্থাগার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো: কামরুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জানতে হলে, জ্ঞানের পরিধি বাড়াতে হলে অবশ্যই বই পড়তে হবে। আর পড়ার জন্য গ্রন্থাগারের চেয়ে উত্তম আর কিছু নেই। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি সহকারি মো: শামছুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ও রজত বিশ্বাস,ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক রেজাউল হক।
এতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের লাইব্রেরিয়ান বাবুল চন্দ্র সাহা। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার ১৯ জন বিজয়ীকে পুরস্কৃত করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












