হোমনা পৌর নির্বাচনে জামাই শ্বশুরের ভোট যুদ্ধ

হোমনা পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আপন মেয়ের জামাই ও শ্বশুর প্রার্থী হয়েছেন। এরা হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মো. রাজ মিয়া ও তার মেয়ের জামাই আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ। শশুড় রাজ মিয়া উট পাখি প্রতীক এবং জামাই আবদুস সামাদ গাজর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। গত ১৯ জানুয়ারী মনোনয়নপত্র বাছাইকালে তাদের দুজনের মনোনয়নপত্রই বৈধ হয়। জামাই-শ্বশুর দুজনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় বিপাকে পড়েছেন তাদের আত্মীয়-স্বজনরা।

জানা গেছে, মনোনয়ন বৈধ হওয়ার আগে ও পরে তাদের স্বজনরা দুজনকে এক করতে পারিবারিকভাবে বেশ কয়েক দফা বসেও ব্যর্থ হয়। এ ব্যাপারে জামাই আব্দুস সামাদ জানান, এখন সময় যুবকদের, এলাকার যুবকরাসহ নেতৃস্থানীয় লোকজন আমার পক্ষে আছে। তাই আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ। শ্বশুর রাজ মিয়া জানান, গত নির্বাচনেও আমার মেয়ের জামাই এ ওয়ার্ডে আমার সাথে কাউন্সিলর পদে নির্বাচন করে হেরেছে। এবারও জনগণ তাকে নয়, আমাকেই ভোট দিয়ে এ ওয়ার্ডের কাউন্সিলর বানাবে।

আশা করি নির্বাচনে জয়ী হতে কোনো বেগ পেতে হবে না। জামাই ও শ্বশুর দুজনেই নির্বাচনে বিজয়ের ব্যাপারে সমান আশাবাদী হলেও তারা দুজনেই একজন অপর জনের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করতে নারাজ। এদিকে মেয়ে রুবি আক্তার ও তার মা মিনা আক্তার ঘোষণা দিয়েই নিজ নিজ স্বামীকে জয়ী করতে দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। একই সাথে মেয়ে রুবি বাবার বাড়ির আত্মীয়-স্বজনদের প্রচারে নামানোর জন্যও জোর চেষ্টা চালাচ্ছেন।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন