ফেনীতে ১২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান

ফেনীতে ১২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি)  ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীসহ দেশজুড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, ফেনীতে ভূমিসহ ঘর প্রাপ্ত সুবিধাভোগীদের মধ্যে সদর উপজেলায় ৪০টি, সোনাগাজী উপজেলায় ৩৫টি, দাগনভূঁঞা উপজেলার ৩০টি, ফুলগাজী উপজেলার ২০টি, মোট ১২৫টি পরিবার রয়েছে।

এসব পরিবারের জন্য গৃহ নির্মাণ করে কবুলিয়াত দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর ও ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরে দুইটি কক্ষ, একটি বারান্দা, একটি শৌচাগার ও একটি রান্নার কক্ষ রয়েছে। এছাড়াও ঘরে বসবাসকারীদের জন্য খাবারের সুপেয় পানিসহ নানা নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসক আরো জানান, ফেনীতে মুজিব জন্মশতবার্ষিকীতে ক শ্রেনীর ১ হাজার ৮৬৩ পরিবারকে ভূমিসহ ঘর দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ১৪৪ পরিবার, সোনাগাজীতে ১ হাজার ৩১৮ পরিবার, দাগনভূঁঞায় ১৬২ পরিবার, ছাগলনাইয়ায় ১১২ পরিবার ও পরশুরামে ৩৮টি পরিবার এ সুবিধা ভোগ করতে পারবে।

শনিবার ফেনী সদর উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনীর নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন রায়হান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

গৃহহীন পরিবাররা গৃহ পেয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবেনা। মহান আল্লাহ তার ভাল করুক। এক গৃহহীন জানান, কোন দিন কল্পনাও করিনি দালান ঘরে থাকবো আজ সেই অকল্পনীয় বিষয়টি হচ্ছে- সন্তান সন্ততি নিয়ে পাঁকা ঘরে থাকবো, কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন