বাগেরহাটে হরিণের চামড়া সহ পাচারকারী চক্রের ২ জন গ্রেফতার 

শরণখোলা থেকে ১৯ টি হরিণের চামড়া সহ পাচারকারী চক্রের ২ জনকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। ২৩ জানুয়ারী (শনিবার) ভোর রাতে উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ড্রাইভার মনিরের বাসা থেকে চামড়াগুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, শরণখোলার রাজৈর গ্রামের মোঃ মতিন হাওলার ওরফে মতি কাজীর ছেলে ইলিয়াস হাওলাদার (৩৫) ও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মোঃ মোশারেফ শেখের ছেলে মনিরুল ইসলাম শেখ ওরফে মনির ড্রাইভার (৪৮)।

শনিবার দুপুরে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকার ভাড়াটিয়া বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মোঃ মোশারেফ শেখের ছেলে ড্রাইভার মনিরের বাসায় বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের এস.আই গাজী ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মনিরের বাসা থেকে ১৯ টি চিত্রল হরিণের চামড়া উদ্ধার করেন।

এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী রাজৈর গ্রামের মতি কাজির পুত্র চামড়া পাচারকারী ইলিয়াসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বাগেরহাট নিয়ে যায়। সংবাদ সম্মেলনে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ রেজাউল করিম জানান, এ ব্যাপারে শরণখোলা থানায় বন্যপ্রানী নিধণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তা প্রেরক
মোঃ নাজমুল ইসলাম সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন