মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারা দেশে একযোগে প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী বাড়ি নির্মান করে দেন। তারই অংশ হিসেবে তেঁতুলিয়ার গৃহহীন ১৪২ পরিবারকেও বুঝিয়ে দেয়া হয় বাড়ির চাবি। আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর উপজেলা পরিষদ হলরুমে উপকারভোগীদের মাঝে বাড়ির চাবি তুলে দেয়া হয়।
উপজেলা প্রশাসনের তথ্যানুযায়ী, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের উত্তরের সীমান্তবর্তী উপজেলায় ‘জমিও নেই বাড়িও নেই’ এমন গৃহহীন পরিবারদের প্রাথমিক পর্যায়ে সেমি পাকা বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। সদর ইউনিয়নের ঈদগাহ, রনচন্ডী, শালবাহান, মাগুরমারী, তিরনইহাট ইউনিয়নের রওশনপুর, বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ, দেবনগর ইউনিয়নের ঝালেঙ্গি ও বুড়াবুড়ি ইউনিয়নের মনিকোসহ বেশ কয়েকটি স্থানে আশ্রয়ন-২ প্রকল্পের নতুন ঘর নির্মান করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের এসব নির্মাণের কাজগুলো চলমান দেখতে পাওয়া যায়। সরকারিভাবে প্রতিটি সেমি পাকা ঘর নির্মাণে বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি পাকা ঘরে থাকছে দুটি কক্ষ, রান্নাঘর, বারান্দা, শৌচাগার। সুপেয় পানির জন্য থাকছে প্রতি দুটি পরিবারের জন্য একটি নলকূপ।
এসময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ , প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনে ও আশ্রয়ন প্রকল্পের তৈরি ডকুমেন্টারি প্রদর্শন দেখে উপকারভোগীরা দৃষ্টিনন্দন বাড়ি পেয়ে চোখের পানি ছেড়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও দীর্ঘায়ু কামনা করেন।
বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি












