ধুনটে মাদকাসক্ত যুবকদের পুলিশে দিলেন মেয়র

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ’র বাসায় অসৎ উদ্দ্যেশে প্রবেশের অভিযোগে মাদকাসক্ত ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার এলাঙ্গী গ্রামের নান্নু মিয়ার ছেলে সোহাগ হোসেন (২৫) ও বিপুল রায়ের ছেলে মহাশুর রায় (১৮)।

শনিবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাত প্রায় ১০টার দিকে মেয়র প্রার্থীর বাসায় প্রবেশ করে অসংলগ্ন কথাবার্তার বলার সময় তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, তৃতীয় ধাপে ৩০ জানুয়ারী ধুনট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী এজিএম বাদশাহ শুক্রবার রাতে ভোটারদের সাথে মতবিনিময় করছিলেন। এসময় ওই বাসায় প্রবেশ করে মাদকাসক্ত সোহাগ ও মহাশুর রায়। দুই যুবকের অসংলগ্ন কথা বার্তায় মেয়র প্রার্থীর মনে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় তাদের আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের প্রকৃত নাম পরিচয় প্রকাশ করে।

এ বিষয়ে মেয়র প্রার্থী এজিএম বাদশাহ বলেন, মাদকাসক্ত দুই যুবক অসৎ উদ্দ্যেশে আমার বাসায় প্রবেশ করেছিল। তাদের দ্বারা আমার বড় ধরণের ক্ষতির আশংকা রয়েছে। এ কারণে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই যুবক কেন মেয়র প্রার্থীর বাসায় প্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন