ফেনীতে ঠিকাদার অপহরণ মামলায় শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সহ-সভাপতি জানে আলমকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৫ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসেনের আদালতে তাকে হাজির করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদনের উপর শুনানী হয়। শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানে আলমকে ৫ দিনের রিমান্ড পেতে মামলার তদন্ত কর্মকর্তা গত ১ জানুয়ারি এ মর্মে আদালতে আবেদন জানিয়েছে। এ মামলায় গ্রেপ্তার হওয়া অপর আসামী শহরের পূর্ব উকিলপাড়া এলাকার মুন্সি পুকুর পাড় সংলগ্ন বাড়ীর শাহাদাত হোসেনের ছেলে মো. রাসেল হোসেনের এক দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পান তদন্ত কর্মকর্তা। এর আগে গ্রেপ্তার হওয়া সম্রাট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
প্রসঙ্গত; বৃহস্পতিবার ভোরে দক্ষিণ জাহানপুর এলাকার নিজবাড়ী থেকে জানে আলমকে গ্রেপ্তার করা হয়। ঠিকাদার খলিলুর রহমান বাদি হয়ে শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ও গ্রেপ্তার ৪ জন সহ ৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। অপর দুই আসামী হলেন উত্তর জাহানপুর এলাকার মোয়াজ্জেম বাড়ীর আবুল কাসেমের ছেলে মো. সালাউদ্দিন, জোয়ারকাছাড় এলাকার সাহাব উদ্দিন মোল্লা বাড়ির কবির আহম্মদের ছেলে কামরুল হাসান সাব্বির।
এর আগে রবিবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার গ্রাম পুলিশদের পোষাক সরবরাহের দরপত্র জমা দেওয়ার দিন ধার্য ছিল। ৫৪ লাখ টাকার ওই কাজ পেতে নির্ধারিত দিনে দরপত্র জমা দেওয়ার জন্য ফেনী আসেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ইনপিঞ্জারপুর এলাকার বাসিন্দা রাজধানীর ব্যবসায়ী ঠিকাদার খলিলুর রহমান। বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ‘মাটি আর মানুষ’ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের খলিলুর রহমানকে গতিরোধ করে দরপত্র জমা দিতে নিষেধ করেন। তিনি তাদের নিষেধ অমান্য করে নির্ধারিত বাক্সে দরপত্র জমা দেয়ার চেষ্টা করেন। এসময় দুর্বৃত্তরা তাকে মারধর করে, প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক অপহরণ করে জেলা প্রশাসনের কার্যালয় সম্মুখস্ত একটি কমিউনিটি সেন্টারে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে তল্লাশীর পর দুপুরে তাকে উদ্ধার করেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












