হোমনা উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় বাজার হোমনা বাজারের প্রধান সড়কসহ ভিতরের রাস্তাগুলো যানজটে নাকাল অবস্থা বিরাজ করছে। এতে করে বাজারে আসা লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজারের প্রধান সড়কটি অত্যন্ত সরু হওয়ায় এবং এর দুই পাশে অপ্রয়োজনে সিএনজি অটোরিক্সা পার্কিংয়ের কারণে হোমনা পুরাতন বাসস্ট্যান্ড থেকে শিল্পকলার মোড় পর্যন্ত প্রায় সবসময়ই যানজট লেগে থাকে। যানজট না থাকলে যেখানে ১০ মিনিট পায়ে হেঁটে বাজার পার হওয়া যায়। সেখানে যানজটের কারণে কয়েক ঘন্টা পর্যন্ত লেগে যায়। আসা যায়। দিনের বেলায় বিভিন্ন কোম্পানীর কাভার্ড ভ্যান, ট্রাক্টর ও অন্যান্য বড় যানবাহন বাজারে প্রবেশ করলে যানজট আরো বেড়ে যায় বলে জানান ব্যবসায়ীরা। যানজট সবচেয়ে বেশি থাকে পুরাতন বাসস্ট্যান্ড থেকে শিল্পকলা মোড় পর্যন্ত।
বাজারের ক্রেতা- বিক্রেতারা দ্রুত এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন সুবল বলেন, বাজারে এরকম যানজট লেগে থাকে যে, তা দেখে অনেক সময় আমি নিজে ট্রাফিকের মতো সড়কে দাঁড়িয়ে চেষ্টা করেও যানজট নিরসন করতে পারি না। বাজারের যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া দরকার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে জানান, সড়কে যানজট নিরসনে পদক্ষেপ নেয়া হবে।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












