নওগাঁর রানীনগরে অভিযান চালিয়ে র্যাব-৫ এর একটি দল ১টি গণেশ মূর্তি উদ্ধার করেছে এবং এর সঙ্গে যুক্ত ৩ জন পাচারকারীকে গ্রেফতার করেছে। রাজশাহীর সিপিসি-৩ র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার বড়গাছা এলাকা হতে অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একটি গণেশমূর্তিসহ মূর্তি উদ্ধার করে।
এসময় পাচারকারী আসামি ভান্ডারগ্রামের মহির উদ্দিনের ছেলে রশিদ (৩৫), রাজশাহী জেলার সাগরপাড়া গ্রামের নুরুল হকের ছেলে ওমর ফারুক (৪৭) ও একই জেলার দুর্গাপুর থানার গোপীনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারুক হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে মূর্তি পরীক্ষা করার এসিড নজলস ৬৭ টি, হ্যান্ড গ্লোভস ৪০টি, ছোট আয়না ১টি, মোবাইল সেট ৪টি, সীমকার্ড ৫টি, মেমোরি কার্ড ১টি এবং নগদ অর্থ ৪,০৬৫ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকা হতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ অবৈধভাবে সংগ্রহ করে দেশে ও বিদেশে বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। তিনি আরও জানান, পাচারকারীদের বিরুদ্ধে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন মূর্তিসহ অন্যান্য সামগ্রী থানায় জমা করা হয়েছে।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি












