ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় এক বছর পর বুধবার (০৯ ডিসেম্বর) ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের (সদর) সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নব ঘোষিত জেলা কমিটিতে প্রবীণ আইনজীবি হাফেজ আহম্মদকে সভাপতি ও নিজাম উদ্দিন হাজারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মাষ্টার আলী হায়দার, আকরাম হোসেন হুমায়ুন, প্রিয়রঞ্জন দত্ত, ইফতেখার ইসলাম, খায়রুল বাশার মজুমদার তপনকে সহ-সভাপতি, আবদুল করিম, নুর হোসেন, জহির উদ্দিন মাহমুদ লিপটনকে যুগ্ম সম্পাদক, একেএম শহীদুল্যাহ খোন্দকারকে দপ্তর সম্পাদক, মামুনুর রশিদ মিলনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রবীণ আইনজীবী আকরামুজ্জামানকে সভাপতি ও নিজাম উদ্দিন হাজারীকে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার আগেই গত ২৮ জুন করোনায় আক্রান্ত হয়ে আকরামুজ্জামান মারা যান।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












