মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ফেনী মুক্ত দিবস’ পালিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) শহরের কলেজ রোডস্থ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতি বছর নানা আয়োজনে দিবসটি পালন করা হলেও এবার করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়েছে।
সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী ও মুক্তিযোদ্ধা সংসদের নেতারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে একই স্থানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম।
আলোচনায় পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ বাহার ভূঁঞা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবদুল মোতালেব, মোস্তফা হোসেন। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম জাকারিয়া , ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পালসহ মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া ফেনীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে প্রথম আলো ফেনী বন্ধুসভা, ফেনীর ঢোল, সহায় সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালন করেছে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












