আঁধার থেকে পরশুরামকে আলোকিত করে দিচ্ছেন পৌর মেয়র সাজেল চৌধুরী

জেলার একেবারে সীমান্তবর্তী হওয়ায় অন্যসব শহরের মত অত্যাধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল ফেনীর পরশুরাম। কিছুটা হলেও অবহেলিত  জনপদ হিসেবে পরশুরাম ব্যাপক পরিচিত। পশ্চিমের আকাশে সূর্য ডুবার সাথে সাথে পরশুরাম বাজারের বেশীরভাগ দোকানপাট ও শপিং কমপ্লেক্স বন্ধ হয়ে যাওয়াতে সন্ধ্যার পর থেকে পরশুরাম বাজার অন্ধকারে নিমজ্জিত হয়। এতে পরশুরামবাসীর দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়।  সে অন্ধকারে নিমজ্জিত পৌর এলাকাকে সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি দিয়ে এবার আলোয় আলোকিত করে দিচ্ছেন পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহাম্মেদ চৌধুরী সাজেল।

জানা যায়, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলার জন্য ফেনী জেলার পরশুরাম পৌর এলাকার জলাবদ্বতা নিরসন, সৌর বিদ্যুতায়িত  সড়ক বাতি ও নিরাপদ পানি সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় পরশুরাম পৌর এলাকায় প্রায় ৩ শতাধিক বিদ্যুতায়িত  সড়ক বাতি স্থাপন করা হচ্ছে। গত শনিবার থেকে পরশুরাম বাজারের প্রধান প্রধান সড়ক,আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন পাড়া মহল্লায় বিদ্যুতায়িত  সড়ক বাতি স্থাপন কাজ চলছে। এতে পরশুরামবাসী এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী , সিএনজি, রিক্সা, টমটম চালক সহ সকল পরিবহন চালক ও পথচারীরা পৌর মেয়রের ভুয়সী প্রশংসা করছেন।

পরশুরাম বাজার বনিক সমিতির সভাপতি আবু তালেব মজুমদার (বড় তালেব) জানান,পরশুরাম বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল সড়কবাতি স্থাপনের কিন্তু অতীতে অনেকে  ক্ষমতায় থাকলেও কখনো উদ্যোগ নেয়নি। বর্তমান পৌর মেয়র সাজেল চৌধুরী সৌর বিদ্যুতায়িত  সড়ক বাতি দিয়ে পরশুরাম বাজারকে আলোকিত করে দিচ্ছেন সেজন্য বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ।

পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার গৌতম দাস জানান , পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর উদ্যোগে পরশুরাম উপজেলায় নিরাপদ পানি সরবরাহ, সৌর বিদ্যুতায়িত  সড়ক বাতি স্থাপনের বিশাল প্রকল্প হাতে নেয়া হয়েছে।

ফেনী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম, সফিকুল হোসেন মহিম জানান, পৌর মেয়র ব্যক্তিগত উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তিনতলা বিশিষ্ট ভবন নির্মান কাজ সহ পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত  সড়ক বাতি লাগানোর উদ্যোগ নিয়েছেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন