নরসিংদীর রায়পুরায় জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নির্মল বিশ্বাস নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নির্মল বিশ্বাস (২৫) রায়পুরা উপজেলার কুকুরমারা গ্রামের প্রমোদ চন্দ্র দাসের ছেলে। শনিবার রাতে থানায় অভিযোগ করার পর অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী হওয়ায় নির্মল বিশ্বাস প্রায়ই ওই শিশুর বাড়িতে আসা যাওয়া করতো। শুক্রবার দুপুরে সহপাঠিদের সাথে খেলার সময় শিশুটিকে জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় শশ্মনের পাশের একটি কাঠ বাগানে নিয়ে যায় নির্মল। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। শিশুটি কোনোরকম বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনা জানালে, তার মা শিশুটিকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, শিশুটির পিতার করা মামলায় রাতেই নিজ এলাকা থেকে নির্মলকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার কাজ নরসিংদী সদর হাসপাতালেই সম্পন্ন হয়েছে।
বার্তা প্রেরক
মোঃ নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি












