ফেনীতে মিসব্রান্ডেড ও অমুমোদনহীন ঔষধ বিক্রয় এবং ড্রাগ লাইসেন্স বিহীন ৬টি ওষুধ দোকানকে (ফার্মেসী) ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ফেনী শহরের বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, এ সময় মিসব্রান্ডেড ও অমুমোদনহীন ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণের অপরাধে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বর সংলগ্ন জসিম মেডিকেল হলকে ১০হাজার টাকা, মেডিসিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও প্যারাগন মেডিকেল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনা করার অপরাধে মেডিজোন ফার্মেসীকে তিন হাজার টাকা এবং বাঁশপাড়া মেডিসিন মার্কেটে ফার্মেসীর মালিক অভি সাহাকে দুই হাজার টাকা ও জামাল উদ্দিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয় ।
এছাড়াও করোনা সংক্রমনকে পুঁজি করে কেউ যেন মাস্কের মূল্য বৃদ্ধি না করতে পারে এ ব্যাপারে ফার্মেসীগুলোতে মূল্য যাচাই করে সতর্ক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন চট্রগ্রাম ঔষধ প্রশাসনের উপ -পরিচালক ডা. মুহম্মদ আক্তার হোসেন, ফেনীর সহকারী পরিচালক শেখ আহসান উল্লাহসহ পুলিশ সদস্যরা।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












