মাদারীপুরে স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের কর্মবিরতিতে জেলায় টিকাদান কর্মসূচি বন্ধ

বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছে। বাংলাদেশ হেলথ এসিসস্ট্যান্ট এসোসিয়েশন জেলার ৪টি উপজেলায় এ কর্মসূচি পালন করে। এতে মাদারীপুর জেলার সকল কেন্দ্রে টিকাদান কর্মসূচি এখন বন্ধ রয়েছে। ফলে শিশুরা জীবন রক্ষাকারী টিকাদান থেকে বঞ্চিত হচ্ছে।

সকাল থেকে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা জড়ো হতে থাকেন। এসময় তারা দুপুর পর্যন্ত অবস্থান করে ব্যানার, প্লেকার্ড নিয়ে তাদের দাবি তুলে ধরেন। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণের দাবির জন্য এ কর্মবিরতি পালন করেছে।

কর্মবিরতিতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, তাদের বেতন বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হাম-রুবেলা কর্মসূচি বর্জন করবেন বলে হুশিয়ারী দেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দরা হলেন বাংলাদেশ হেলথ এসিসস্ট্যান্ট এসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সভাপতি মো. আবু আলম মিয়া, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক শাহাদাত হোসেন, স্বাস্থ্য সহকারী জহিরুল ইসলাম স্বপন, রিন্টু কুমার মুন্সী, নাসির উদ্দিন, হান্নান হাওলাদার, সোনিয়া আক্তার প্রমূখ।

বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন