ফেনী পৌরসভার সুলতানপুর এলাকায় অবস্থিত পৌর কবরস্থানে সমাহিত মুসলিম অজ্ঞাত মানুষসহ বিশ্বের সকল মৃত অজ্ঞাত মানুষের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ফেনী পৌর এলাকার চাড়িপুর দারুসুন্নাত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই কোরআন খতম ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। কোরআন খতম শেষে এতে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ কাওসার হামিদ।
মোনাজাতে বিশ্ববাসীকে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি ও অজ্ঞাতদের দোয়ায় মাওলানা হামিদ বলেন, হে আল্লাহ! আমরা তোমার নিঃস্ব বান্দা। তুমিই একমাত্র মালিক। আমাদের করোনা ভাইরাস থেকে মুক্তি দেন। সকল অজ্ঞাত মৃত ব্যক্তিদের জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন। আমাদের দুনিয়ার সব সমস্যা দূর করে দিন। আমরা তোমার শাস্তি থেকে মাফ চাই। তোমার জান্নাতের আশা রাখি। ও মাওলা! জাহান্নামের আগুনের লেলিহান শিখা থেকে আমাদের বাঁচাও। আমাদের পাপমোচন করে দাও।দোয়া শেষে মাদ্রাসার ছাত্রদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহায়ের উপদেষ্ঠা ফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, সময় টেলিভিশনের প্রতিবেদক আতিয়ার সজল, অনলাইন নিউজ পোর্টাল সত্যের অনুসন্ধানের ভারপ্রাপ্ত সম্পাদক নাজিম চৌধুরী, সহায়ের সহ-সভাপতি জুলহাস তালুকদার, ইয়াসির আরাফাত রুবেল,সাধারণ সম্পাদক মুহাম্মদ দুলাল তালুকদার, সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রিমন, কার্যকরী সদস্য মামুন মিয়াজী, সদস্য মোঃ হুমায়ুন কবির শিপন।
এতে বক্তারা বলেন, জীব মাত্রই মৃত্যু অনিবার্য। পরকালীন জীবনই মুমিনের পরম আরাধ্য। মায়াভরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সবাইকে। তবু প্রিয়জনের বিদায় মানুষকে ব্যথিত করে, শোকসন্তপ্ত করে। যাদের প্রিয়জন স্বজন আছে তারা হয়তো তাদের মৃত স্বজনের জন্য কবর জিয়ারত করে, দোয়া করেন। কিন্তু অজ্ঞাত মৃত ব্যক্তিদের জন্য কেউ দোয়া করে না।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












