করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় ফেনীতে ৪৮ জনকে সতর্কবার্তা ও বিভিন্ন পরিমাণে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ফেনীর ট্রাংক রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামানের অভিযানে এই জরিমানা আরোপ করা হয়।
সরকারি নির্দেশনা মোতাবেক দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ মোকাবিলায় মাস্ক ব্যবহার ও নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করণে দুপুরে জেলার প্রাণকেন্দ্র ট্রাংক রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক না পরার দায়ে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়, তন্মধ্যে অধিকাংশ শিক্ষার্থী আর বয়স্ক হওয়ায় তাদেরকে সতর্ক ও শপথ বাক্য পাঠ করিয়ে ছেড়ে দেওয়া হয়।
বাকি ১৫ জনকে বিভিন্ন অংকে অর্থদণ্ড দেওয়া হয়। পরে আটককৃতদের উদ্দেশ্যে সচেতনামূলক বক্তব্যের মাধ্যমে সকলকে করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। জনসচেতনতা তৈরিতে আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












