ফেনীতে একটি অনুষ্ঠান থেকে ৪৩ জন শিবির কর্মী আটক

ফেনী শহরতলীর রাণীরহাটের একটি কমিউনিটি সেন্টার হতে ৪৩ জন শিবির কর্মীকে আটক করা হয়েছে।  সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাণীরহাট  বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি সভা হতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সহায়তায় তাদের আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, সোমবার সকাল ৯টার দিকে খবর পাই যে, হক কমিউনিটি সেন্টারে শিবির কর্মীরা গণজমায়েত করে অনুষ্ঠান করছে। খবর পেয়ে দুপুরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কমিউনিটি সেন্টারে যাই। সেখানে গিয়ে দেখতে পাই প্রায় ২শ মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার ব্যানারে ‘নবীনবরণ’ অনুষ্ঠানে যোগ দিয়েছে। আমরা সেখানে গিয়ে এ ব্যাপারে জানতে চাইলে শিবির কর্মীরা আমাদের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। ঘটনা সহিংসতার দিকে মোড় নিলে আমি ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনকে জানালে তিনি পুলিশ পাঠান। পরে পুলিশ এসে তাদের মধ্য হতে ৪৩ জনকে আটক করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উপস্থিত শিবিরের অধিকাংশ কর্মী পালিয়ে যায়। এছাড়া শিবিরের বিভিন্ন প্রচার ও প্রচারণাপত্র জব্দ করা হয়।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪৩ জনকে আটক করে দুই ভাগে থানায় নিয়ে আসে। এর মধ্যে আহত অবস্থায় ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন