মাদারীপুরের কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে হযরত মাতুব্বর নামের এক হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই হাজতি চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত হযরত মাতুব্বর (৫০) সদর উপজেলার গাছবাড়ি গ্রামের তফেল মাতুব্বরের ছেলে। নিহতের মরদেহ ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতালের মর্গে রয়েছে।
মাদারীপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় আলাদা দুটি মামলায় আসামী করা হয় হযরত মাতুব্বরকে। পরে ২৭ সেপ্টেম্বর স্বেচ্ছায় আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে মাদারীপুর জেলখানাতেই ছিলেন হযরত মাতুব্বর। বুধবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে গেলে সেই অবস্থায় হযরতকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান তিনি। এদিকে হযরতকে পিটিয়ে হত্যার করা হয়েছে বলে এ দাবি করেন স্বজনরা।
নিহতের ছেলে সাব্বির মাতুব্বর বলেন, আমার বাবাকে জেলখানার লোকজন পিটিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। তবে, অভিযোগ অস্বীকার করে মাদারীপুর জেলা কারাগারের জেলার শংকর মজুমদার জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হাজতিকে। পরে হৃদক্রিয়া বন্ধ হয়েই হযরতের মৃত্যু হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া জানান, আপাতত অপমৃত্যর মামলা হবে। যেহেতু জেলাখানার ভিতরের বিষয় তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তদন্ত করবে। সেই মোতাবেক পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












