বগুড়ার ধুনট উপজেলায় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে সাবান আলী (৪০) নামে এক বাবাকে সাত দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত সাবান আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতি গ্রামের নেছার আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাত ১০টার দিকে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত এ দন্ডাদেশ দেন। এই অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কশিশনার (ভ‚মি) আব্দুল্লাহ আল রনী।
থানা সূত্রে জানা গেছে, সাবান আলীর মেয়ে সাফিয়া খাতুন (১৫) স্থানীয় পিরহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সোমবার রাতে একই এলাকার ধেরুয়াহাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলমের (২৮) সাথে তাকে বিয়ে দেন তার বাবা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে। এ সময় সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান দেন ইউএনও।
কিন্ত বিয়ে বাড়িতে অভিযানের উপস্থিতি টের পেয়ে আগেই বর আলম তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে চলে যান। এসময় বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবাকে সাত দিনের কারাদন্ডের আদেশ দেন ইউএনও। নববধূর বাবা থানা হাজতে রাত যাপন করেছেন। আর নববধূ তার স্বামীর সাথে বসরঘর রাত কাটিয়েছেন।
ধুনট থানার অফিসার ইনাচর্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের দন্ডাদেশ প্রাপ্ত আসামী সাবান আলীকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি












