মাদারীপুরে শহরের তরমুগুরিয়া এলাকায় নিখোঁজের একদিন পর শুক্রবার (৯ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়িয়াল খাঁ নদ থেকে ফারজানা আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। নিহত শিশুটি তরমুগুরিয়া এলাকার ফারুক খানের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরবেলা শিশু ফারজানা তার চাচা ইমন ও চাচি ভাবনার সাথে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়েছিল। ফারজানা সাতাঁর না জানায় তাকে তার চাচা গোসল করিয়ে নদীর পাড়ে রেখে সে নিজে গোসল করার জন্য নদীতে নামে। সেই ফাঁকে সবার অগোচরে ফারজানা নদীতে নেমে পড়ে। চাচার চাচির গোসল শেষ হলে এসময়ে তারা ফারজানাকে দেখতে না পেয়ে বাড়িতে খবর পাঠালে আরো লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তারা ডুবুরি নিয়ে নদীতে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় ১৯ ঘন্টা চেষ্টার পরে শুক্রবার সকালে ডুবুরির দল ফারজানার মরদেহ নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, নদী থেকে ডুবুরির দল ফারজানার মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোন অভিযোগ নেই। সদর থানায় একটা অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












