পাবনার সুজানগর থেকে চুরি হওয়া বিপুল চোরাই মালামাল উদ্ধার করেছে পাবনা পুলিশ। এ সময় সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্য মোঃ বাবু প্রামাণিক (২৫) কে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পাবনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের এলইডি টিভি, মোবাইল ফোন, ট্যাব, সিলিংফ্যান ও টেবিল ফ্যান উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আখতার মিলি, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, সুজানগর থানার ওসি বদরুদ্দোজা এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, গত ২৩ সেপ্টেম্বর সুজানগরের বেষ্ট ইলেকট্রনিক্সের দোকানের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি হয়। এ ঘটনায় পাবনা শহরের কাচারীপাড়ার মোঃ বাবু প্রামানিক (২৫) কে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জড়িত থাকার বিষয় স্বীকার করে এবং তার সহযোগীদের নাম উল্লেখ করে। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের চোরাই কাজে ব্যবহৃত একটি টয়োটা হায়েচ সুপার জিএল কালো রংয়ের মাইক্রোবাস উদ্ধার ও জব্দ করেন । এ ছাড়াও উক্ত চুরির ঘটনায় একটি ৩২’’ LED টিভি, পাঁচটি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, একটি ১৮’’ SAMAUNG কম্পিউটার মনিটর, একটি SAMSUNG Brand এর ট্যাব, একটি স্ট্যান্ড ফ্যান, তিনটি প্রেসার কুকার, একটি হিটার কুকার, একটি গ্যাসের চুলা, দুইটি রাইচ কুকার এবং একটি ফ্লাস্ক উদ্ধার করা হয়।
বার্তা প্রেরক
রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি












