চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের খলিশাডুলীর কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী রবিন মজুমদার(২২) ৮৩পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। ৪ঠা অক্টোবর রবিবার সকাল ১০ টায় তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।
বিষয়টি নিশ্চিত করেন কার্যালয়ের সহকারী পরিচালক এ. কে. এম দিদারুল আলম জানান, পৌর ১৩নং ওয়ার্ডের খলিশাডুলী, মঠখোলা, ওয়াপদা গেইট, ঢালী কান্দী, শিলন্দিয়া, বাহের খলিশাডুলী, মৈশাদী, বাবুরহাটসহ একাধিক স্থানে মাদকের সিন্ডিকেট তৈরি করেছিলো রবিন মজুমদার। প্রায় সময় সে কৌশল বদলিয়ে চলাফেরা করে মাদক ব্যবসা জমজমাটভাবে পরিচালনা করতো। এমনকি তার সখ্যতা ছিলো একাধিক মাদক মামলায় কারা ভোগকারী আসামীদের সাথে।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা রবিন মজুমদারকে বেশ কিছুদিন নজরে রাখছিলাম। পরে সকালে তাকে নুর ইসলাম মুন্সীর ভাড়া বাসা হতে ৮৩পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হই। রবিন মজুমদারের পিতা হচ্ছেন মৃত সহিদ মজুমদার। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পরিদর্শক মোঃ মজিবুর রহমান একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেন। মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।
বার্তা প্রেরক
অমরেশ দত্ত জয়
চাঁদপুর প্রতিনিধি












