সুজানগরে চার বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

পাবনা সুজানগরে সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সুজানগর উপজেলা শাখার উদ্যোগে সুজানগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান ওলি, শফিক আহম্মেদ প্রমূখ। এসময় সুজানগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ৮দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত ধর্ষক রানু শেখকে গ্রেফতার না করে গড়িমাসি করছে। এসময় মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অতি দ্রত ধর্ষক রানু শেখের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার গুপিনপুর  গ্রামে খেলার সময় দুই টাকার লোভ দেখিয়ে ধর্ষক রানু শেখ চার বছরের এক শিশুকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে এলাকাবাসি রানু শেখকে হাতেনাতে ধরে ফেলে। কিন্তু রানু শেখ প্রভাব খাটিয়ে এসময় পালিয়ে যায়।

বার্তা প্রেরক
রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন