মাদারীপুরের চরমুগরিয়া-শ্রীনদী সড়কটির দীর্ঘদিন যাবৎ দৈন্যদশা। প্রায় সাত কিলোমিটার রাস্তাটি ভাঙা ও খাদাখন্দে ভরপুর। ফলে প্রতিদিন যাতায়াতের সময়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজার হাজার মানুষের। সড়কটি বেহাল দশার কারণে স্বজনরা রোগী পরিবহনেও মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। এলাকাবাসীর দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি করছেন। এরই মধ্যে শীঘ্রই সড়কটির কাজ শুরু হবে জানিয়েছে এলজিইডি।
এলাকাবাসী, ব্যবসায়ী ও স্থানীয় গাড়ির চালকরা জানান, মাদারীপুর শহরের একসময়ের অন্যতম বন্দর এলাকা ছিল চরমুগরিয়া। চরমুগরিয়া বন্দর হওয়ায় আশে-পাশের অনেকগুলো গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত ছিল চরমুগরিয়া-শ্রীনদী সড়কটি দিয়ে। কিন্তু প্রায় সাত কিলোমিটার সড়কটি এখন খুবই বেহাল দশায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে অধিকাংশ স্থানে সৃষ্ট হয়েছে বড় বড় গর্ত। বেশিরভাগ স্থান থেকে উঠে গেছে পিচঢালা। ফলে অধিকাংশ রাস্তায় রয়েছে প্রচুর ভাঙাচুরা। বড় বড় গর্ত ও ভাঙাচুরা রাস্তায় বৃষ্টির পানিতে ডুবে থাকায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেক সময়ে রোগী পরিবহনের ক্ষেত্রে তৈরি হচ্ছে মারাত্মক জটিলতা। এতে ঘটছে দুর্ঘটনা।
এলাকাবাসী সমস্যার কথা জানিয়ে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি করছেন। মাদারীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, চরমুগরিয়া-মিঠাপুর-শ্রীনদী সড়কটি আরসিআরপি প্রকল্পের মাধ্যমে দরপত্র আহবান করা হয়েছে এবং ইতোমধ্যে কার্যাদেশ প্রদান করা হয়েছে। ঠিকাদারদের সাথে একটি ম্যানেজমেন্ট মিটিং করে আগামী ১০ দিনের মধ্যে কাজ শুরু হবে। দ্রুত রাস্তাটি সংস্কার করে মানুষের যাতায়াতের পথ সুগম করবে কর্তৃপক্ষের কাছে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী মানুষদের।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












